

গাইবান্ধা প্রতিনিধি
:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ (সাঘাটা–ফুলছড়ি) আসনের প্রার্থী হতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনের তরুণ অগ্রনায়ক জাহিদ হাসান জীবন।
বুধবার (১২ নভেম্বর) বিকেলে রাজধানীর বাংলামোটরে অবস্থিত এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।
দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ও চিকিৎসক তাসনিম জারা-এর কাছ থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন জাহিদ হাসান জীবন।
গাইবান্ধা-৫ আসনটি সাঘাটা ও ফুলছড়ি উপজেলা নিয়ে গঠিত। নদীভাঙন, বেকারত্ব ও শিক্ষা বৈষম্যে দীর্ঘদিন ধরে ভুগছে এই এলাকা। তরুণদের সংগঠিত করে নাগরিক অধিকার ও সামাজিক ন্যায়বিচারের দাবিতে জাহিদ হাসান জীবন স্থানীয়ভাবে আলোচিত নেতৃত্ব হিসেবে পরিচিত।
মনোনয়ন নেওয়ার পর জাহিদ হাসান জীবন বলেন, 'গাইবান্ধা-৫ আসনের মানুষ উন্নয়ন বৈষম্যের শিকার। তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে আমি ন্যায়ভিত্তিক ও মানবিক উন্নয়নের রাজনীতি গড়ে তুলতে চাই।'
এনসিপি সূত্রে জানা গেছে, প্রতিটি মনোনয়নপত্রের মূল্য ১০ হাজার টাকা। তবে জুলাই যোদ্ধা ও স্বল্প আয়ের প্রার্থীদের জন্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা।
এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় মনোনয়নপত্র বিতরণের উদ্বোধন করেন এনসিপির মুখ্য সমন্বয়ক ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী। এনসিপির এই মনোনয়নপত্র বিক্রি চলবে আগামী বৃহস্পতিবার (১৩ নভেম্বর) পর্যন্ত।
৮০ রুপায়ন টাওয়ার, লেভেল -৩ (লিফটের 3), কাকরাইল, ঢাকা 1000, সম্পাদক ও প্রকাশক: মোঃ শরিফুল আলম, সহ প্রকাশক: মোঃ ফারুক হোসেন । মোবাইল: 01604 872 968
Millennium NEWS BD