

মোঃ গুলজার রহমান বগুড়া প্রতিনিধি
ককটেল তৈরির সময় বিস্ফোরণে বগুড়ার গাবতলীতে আতাউর রহমান সেলিম (৩৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। আজ রবিবার (২ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার নসিপুর ইউনিয়নের ছোট ইটালি গ্রামে একটি বসতবাড়িতে এই ঘটনা ঘটে। আহত সেলিমকে উদ্ধার করে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা যায়, আহত আতাউর রহমান সেলিমসহ কুমিল্লা জেলার মেঘনা উপজেলার রামপ্রসাদচর এলাকার আরও ৩-৪ জন ব্যক্তি গত কয়েকদিন ধরে নাসিমা আক্তার (৪৫) এর বাড়িতে অবস্থান করছিলেন। নাসিমার স্বামী মুক্তার হোসেনের বিরুদ্ধে এলাকায় মাদক ব্যবসা ও চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
রবিবার সকালে ওই বাড়িতে ককটেল তৈরির কাজ চলছিল। এসময় আচমকা একটি ককটেল বিস্ফোরিত হলে সেলিম গুরুতর আহত হন। বিস্ফোরণের পরপরই ঘটনাস্থল থেকে তার সঙ্গে থাকা আরও ২-৩ জন পালিয়ে যায়।
গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিস্ফোরণের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এছাড়াও ঘটনাস্থল থেকে আরও ৫টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, উদ্ধারকৃত ককটেলগুলো বাংলাদেশ সেনাবাহিনী সারিয়াকান্দি ক্যাম্পের সহায়তায় ধ্বংস করা হয়।
৮০ রুপায়ন টাওয়ার, লেভেল -৩ (লিফটের 3), কাকরাইল, ঢাকা 1000, সম্পাদক ও প্রকাশক: মোঃ শরিফুল আলম, সহ প্রকাশক: মোঃ ফারুক হোসেন । মোবাইল: 01604 872 968
Millennium NEWS BD