

কুড়িগ্রাম প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন নুর উন নাহার বেগম। তিনি কুড়িগ্রাম-৩ (২৭) এলাকার বিপরীতে এ মনোনয়নপত্র জমা দেন।
রবিবার ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তিনি এ মনোনয়ন ফরম জমা দেন। বিষয়টি নিশ্চিত করেছে দলের কেন্দ্রীয় কার্যালয় সূত্র।
নুর উন নাহার বেগম স্থানীয় রাজনৈতিক অঙ্গনে পরিচিত মুখ। তিনি একাধারে লেখক ও আইনজীবী। বর্তমানে কোনো দলীয় পদে না থাকলেও জাতীয়তাবাদী ছাত্রদল ও বিএনপির বিভিন্ন কর্মসূচিতে নিয়মিত সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন।
তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোঃ আসাদুজ্জামান আনছারীর সহধর্মিণী।
ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতিতে সক্রিয়। ১৯৮৯ সাল থেকে ধারাবাহিকভাবে রাজনীতি করে আসছেন। ইসলামী বিশ্ববিদ্যালয়ের খালেদা জিয়া হলে তিনি পর্যায়ক্রমে সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতি চর্চা করে আসছেন।
এছাড়াও তিনি কুড়িগ্রাম সোসাইটির সহ-সভাপতি, সাদ-ই-নূর ফাউন্ডেশনের সম্পাদক এবং Islamic University Ex-Nationalist Student Association-এর সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
নিজ উদ্যোগে ২০১৮ সাল থেকে কুড়িগ্রামের চরাঞ্চলের হতদরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা ও ত্যাগের ভিত্তিতে তিনি মনোনয়ন প্রত্যাশা করছেন। এখন দলের উচ্চপর্যায়ের সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে চূড়ান্ত মনোনয়ন।
এদিকে, তার মনোনয়নকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে আগ্রহ ও প্রত্যাশা লক্ষ্য করা যাচ্ছে।
৮০ রুপায়ন টাওয়ার, লেভেল -৩ (লিফটের 3), কাকরাইল, ঢাকা 1000, সম্পাদক ও প্রকাশক: মোঃ শরিফুল আলম, সহ প্রকাশক: মোঃ ফারুক হোসেন । মোবাইল: 01604 872 968
Millennium NEWS BD