

শাহিনুল ইসলাম লিটনঃ
উত্তরবঙ্গের ভাষা ও ভাওয়াইয়া গান বিষয়ক গবেষণামূলক গ্রন্থ “ভাওয়াইয়ার কথা কথার ভাওয়াইয়া”-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান কুড়িগ্রামের ভাওয়াইয়া একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে।
রংপুর অঞ্চলের ভাষা ও ভাওয়াইয়া সংগীত নিয়ে গবেষণাধর্মী এই গ্রন্থের প্রকাশনা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কবি ও প্রকাশক সাকিল মাসুদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর আরআরএফ-এর কমান্ড্যান্ট, অতিরিক্ত ডিআইজি, কবি ও গবেষক আব্দুর রাজ্জাক,লেখক ও প্রাবন্ধিক রেজাউল করিম মুকুল, ভাওয়াইয়া একাডেমির পরিচালক ও ভাওয়াইয়া ভাস্কর শিল্পী ভূপতি ভূষণ বর্মা, ‘ফিরেদেখা’র সভাপতি কবি তাপস মাহমুদ,শিক্ষক ও গবেষক ড. মঈনুল হাসান, কবি ও সম্পাদক আবু হেনা মোস্তফা, গীতিকার নীলরতন সরকার, কবি রেজা হক, অ্যাডভোকেট প্রদীপ কুমার রায়সহ অনেকে।
বক্তারা ভাওয়াইয়া সংগীতের বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।
ড. মঈনুল হাসান বলেন, টিকটকসহ সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবে ভাওয়াইয়া সংগীত কিছুটা বিকৃতির মুখোমুখি হচ্ছে।
কবি রেজা হক বলেন, ভাওয়াইয়ার মূল সুর ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রেখে এটিকে ডিজিটাল মাধ্যমে আরও বিস্তৃত করতে হবে।
কবি তাপস মাহমুদ বলেন, ভাওয়াইয়ার উন্নয়ন চাইলে এ অঞ্চলের ভাষা ও সংস্কৃতিকে ধারণ করতে হবে। ভাষা থেকে বিচ্ছিন্ন হলে ভাওয়াইয়ার আবেদন হারিয়ে যাবে। বৃহত্তর রংপুর, কোচবিহার ও গোয়ালপাড়ার মানুষের সাংস্কৃতিক পরিচয়ের সঙ্গে ভাওয়াইয়া অঙ্গাঙ্গিভাবে জড়িত।
রেজাউল করিম মুকুল বলেন, বইটি দুদেশের সেতুবন্ধন, লেখক ভারতের অধিবাসী হলেও বইটি প্রকাশ করেছে আইডিয়া প্রকাশন। ভাওয়াইয়া মূলত মাটি ও মানুষের জীবনকথা তুলে ধরে।
আব্দুর রাজ্জাক বলেন, সমাজের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে ভাওয়াইয়ার আধুনিকায়ন প্রয়োজন। তবে এর মৌলিক বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রাখতে হবে। তিনি আরও বলেন, “ভাওয়াইয়ার কথা কথার ভাওয়াইয়া” গ্রন্থটি একশবছর পরেও প্রাসঙ্গিক থাকবে।
স্বাগত বক্তব্যে সাকিল মাসুদ বলেন, ভাওয়াইয়া নিয়ে ইতোমধ্যে বহু গবেষণাগ্রন্থ প্রকাশিত হলেও এই বইটি নতুনভাবে ভাওয়াইয়া ও উত্তরবঙ্গের ভাষা তথা রংপুরের ভাষার সঙ্গে পাঠককে পরিচিত করবে।
অনুষ্ঠানটি ভাওয়াইয়া সংগীত ও উত্তরবঙ্গের ভাষা-সংস্কৃতি চর্চায় নতুন দিগন্ত উন্মোচন করবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
৮০ রুপায়ন টাওয়ার, লেভেল -৩ (লিফটের 3), কাকরাইল, ঢাকা 1000, সম্পাদক ও প্রকাশক: মোঃ শরিফুল আলম, সহ প্রকাশক: মোঃ ফারুক হোসেন । মোবাইল: 01604 872 968
Millennium NEWS BD