মোঃ গুলজার রহমান বগুড়া প্রতিনিধি
অভিযোগ প্রমাণিত না হওয়ায় অবশেষে প্রত্যাহার করে রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) সংযুক্ত করা বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক ইনচার্জ ইকবাল বাহার এবং উপপরিদর্শক (এসআই) ফজলুল হকের সংযুক্তির আদেশ প্রত্যাহার করা হয়েছে। আজ মঙ্গলবার (৪ নভেম্বর) এ-সংক্রান্ত আদেশটি বগুড়া জেলা পুলিশের কাছে এসে পৌঁছেছে।
এর ফলে এই দুই কর্মকর্তা তাঁদের মাতৃ ইউনিট বগুড়া জেলা পুলিশে যোগদানের জন্য ছাড়পত্র পেয়েছেন।
রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান স্বাক্ষরিত এক আদেশে গতকাল সোমবার এই দুই কর্মকর্তার আরআরএফ-এ সংযুক্তির আদেশ প্রত্যাহার করে নেওয়া হয়। বগুড়ার পুলিশ সুপার (এসপি) জেদান আল মুসা বিষয়টি নিশ্চিত করেছেন।
আদেশে উল্লেখ করা হয়েছে, গত ১৪ অক্টোবর প্রশাসনিক কারণে তাঁদের আরআরএফ রাজশাহীতে সংযুক্ত করা হলেও, পরবর্তী অনুসন্ধানে তাঁদের বিরুদ্ধে আনিত অভিযোগগুলো প্রমাণিত হয়নি। অভিযোগ প্রমাণিত না হওয়ায় সংযুক্তির আদেশ প্রত্যাহার করে তাঁদেরকে বগুড়া জেলা পুলিশে যোগদানের ছাড়পত্র দিতে বলা হয়।
গত ১৪ অক্টোবর রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান স্বাক্ষরিত এক আদেশে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ইনচার্জ ইকবাল বাহার, পুলিশ পরিদর্শক রাকিব হোসেন ও উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ ফজলুল হক—মোট তিন কর্মকর্তাকে প্রত্যাহার করে আরআরএফ রাজশাহীতে সংযুক্ত করা হয়েছিল।
পরবর্তীতে, ২১ অক্টোবর রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শাহাবুদ্দিন বগুড়ায় এসে এই তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্ত করেন। তাঁর তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পরই প্রত্যাহার হওয়া তিন পুলিশ কর্মকর্তার মধ্যে ইকবাল বাহার এবং ফজলুল হকের সংযুক্তি আদেশ বাতিল করা হলো।
জেলা গোয়েন্দা পুলিশের সাবেক ইনচার্জ ইকবাল বাহার এই আদেশ প্রত্যাহারের বিষয়ে বলেন, “সংযুক্তির আদেশ প্রত্যাহার হওয়ায় আজ মঙ্গলবার আরআরএফ রাজশাহী থেকে ছাড়পত্র নিয়ে বগুড়া জেলা পুলিশে যোগদানের জন্য রওনা করব।”



















