আখতারুজ্জামান আসিফ চিলমারী:
অতিবৃষ্টির কারণে আকালুরঘাট এলাকায় জোড়গাছগামী নতুন ব্রিজের গোড়ার মাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে ভয়াবহ ভূমিক্ষয়ের সৃষ্টি হয়েছে। এর ফলে থানাহাট ও জোড়গাছ বাজারগামী সড়কের সঙ্গে সংযুক্ত পাত্রখাতা, মিনা বাজার ও কাশিমবাজার এলাকার প্রায় ১৫ থেকে ২০ হাজার মানুষ বিচ্ছিন্ন হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, সড়কের এই ভাঙনের কারণে তাদের দৈনন্দিন যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। শুধু এলাকাবাসীই নয়, বাইরের লোকজনও যানবাহনে করে এই অঞ্চলে প্রবেশ করতে মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছেন।
বিশেষ করে আকালুরঘাট চিকন ব্রিজ থেকে পাত্রখাতা এলাকার আলহাজ্ব ফজলে নূর মাস্টারের বাড়ি পর্যন্ত সড়কটি এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এছাড়া, তার বাড়ির সামনের অংশ থেকে ব্যাপারী পাড়া জামে মসজিদের পেছন হয়ে পাত্রখাতা ব্যাপারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ পর্যন্ত পুরো রাস্তা প্রায় সম্পূর্ণভাবে অকেজো হয়ে পড়েছে।
এই অবস্থায় শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় জনগণ চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। জরুরি প্রয়োজনে যাতায়াত করাও কঠিন হয়ে পড়েছে।
এলাকাবাসী দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় সংস্কার ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে করে বড় ধরনের দুর্ঘটনা ও সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্নতা এড়ানো সম্ভব হয়।



















